মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে জেলের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবিতে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও এক জেলে। আজ সোমবার ভোররাতের দিকে সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সাকিব উদ্দিন (১৭) চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে আফছার মাঝির মাছধরা ট্রলারটি নোঙর করে তিনিসহ চার জেলে ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোররাতের দিকে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। এ সময় জেলেরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই রাতের আঁধারে বাল্কহেডটি পালিয়ে যায়। 

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’