মুরাদনগরে আসিফ মাহমুদ ও কায়কোবাদ অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মুরাদনগরের সর্বস্তরের জনতা’র ব্যানারে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কায়কোবাদ ও আসিফ মাহমুদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বুধবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর সদরের ‘আল্লাহ চত্বর’ এলাকায় নাগরিক সমাজের ব্যানারে আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এসময় সমাবেশ লক্ষ্য করে পাশের জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট-পাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় মুরাদনগর সদরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই সময়ের মধ্যে মুরাদনগরের আল্লাহু চত্বরে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সমর্থিত একটি গ্রুপেরও বিক্ষোভ কর্মসূচির অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি নেতৃবৃন্দ বলছে, আসিফ মাহমুদের সমর্থকদের হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। 

উপদেষ্টা আসিফ মাহমুদ সমর্থিত গ্রুপের নেতা সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক অভিযোগ করে বলেন, ‘আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হওয়ার পর থেকেই বিএনপি নেতা কায়কোবাদের লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগাণ্ডা চালাচ্ছে। মুরাদনগরে যেকোনো ঘটনা ঘটলে তারা আসিফ মাহমুদের ওপর চাপিয়ে দেয়। আমরা এই প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সর্বস্তরের মুরাদনগরবাসী ব্যানারে একটি প্রতিবাদ মিছিল শুরু করি। প্রশাসনের অনুমতি নিয়েই শুরু হয়। এরই মধ্যে সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।’

এদিকে, পাল্টা অভিযোগ করে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘আমাদের ছাত্রদলের শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল। তিন দিন আগে জানিয়ে দিয়েছিলাম। আমরা যেখানেই প্রোগ্রাম দেই আসিফ মাহমুদের লোকজন কাউন্টার প্রোগ্রাম দেয়। আমাদের প্রোগ্রামে দাবি, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের ছেলেরা তখনও মিছিল শুরু করে নাই তারা দলীয় অফিসে বসে ছিল। তারা যেদিকে মিছিল করছিল সেখান থেকেই পাটকেল মারা শুরু হয়। তারা নানান কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এই মিছিল শুরু করে।’

এ ব্যাপারে কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, ‘আজকে মুরাদনগর সদরে এনসিপির (আসিফ মাহমুদের সমর্থক) সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এসময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে।’