সাংবাদিকদের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ওসির অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের নামে দেওয়া মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি করা হয়েছে। এজন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় পৌর মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ঘুষ-দুর্নীতির খবর প্রকাশ করায় দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনের নামে চাঁদাবাজির মামলা দেওয়ার প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেয়।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান কাশগরি, সাবেক পৌর কাউন্সিলর মো. মন্তাজ মিয়া, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল, এনসিপির প্রতিনিধি আসিফ নেওয়াজ, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শওকত চৌধুরী, দৈনিক দেশ রূপান্তরের বিজয়নগর উপজেলা প্রতিনিধি এস. এম. জহিরুল ইসলাম টিপু প্রমুখ। সঞ্চালনা করেন আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

মানববন্ধন থেকে ৭২ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনের প্রত্যাহার এবং দৈনিক যুগান্তর ও আরটিভি অনলাইনে প্রকাশিত ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার তিন দফা দাবি জানানো হয়। 

উল্লেখ্য, গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে ইমিগ্রেশন পুলিশের ওসিসহ কয়েক পুলিশের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরই আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে গত ১২ আগস্ট সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের নামে আখাউড়া থানায় চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে মামলা করেন।

মামলার এজাহারে, গত ১৬ মার্চ (রমজান মাসে) ইফতারের কথা বলে টাকা চাওয়ার অভিযোগ করা হয়। কোনো তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।