নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর মৎস্য খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের মন্টু মিয়ার মৎস্য খামারের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম মো. ফারুক (২৬)। ধানসিঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবগ্রামের মো. খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফারুক মানসিক সমস্যায় ছিলেন। একাধিকবার পরিবারের লোকজন তাকে চিকিৎসা করান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খাঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবগ্রামের মন্টু মিয়ার খামারের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ বলেন, আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী নিহত ফারুক মানসিক ভারসাম্যহীন ছিলেন। মন্টু মিয়ার মৎস্য খামারের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।