খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা: চার দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

খাগড়াছড়ির রামগড়ে গলা কেটে মা ও মেয়েকে জবাই করে হত্যাকাণ্ডের চার দিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে নিহত রাহেনা বেগমের ছেলে মো. হাসান বাদী হয়ে রামগড় থানায় হত্যা মামলা করেন। মামলায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। ক্লুলেস মামলা হওয়ায় আসামি ধরতে সময় লাগছে। গ্রেপ্তার করতে পারলে আমরা জানাব।’

স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলার প্রত্যন্ত এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা খোলা ছিল। রাতের কোনো এক সময় হত্যা করে খুনি পালিয়ে যান। মাটির তৈরি ঘরের তিনটি কক্ষের দুটিতে মা ও মেয়ের মরদেহ পড়ে ছিল খাটের ওপর।