নোয়াখালীতে পুকুর থেকে মরদেহ উদ্ধার, আটক ১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে স্থানীয় কুমোদ মজুমদারের বাড়ির পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তপন চন্দ্র মজুমদার (৪২) ২ নং চরবাটা ইউনিয়নের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ডালিম চন্দ্র মজুমদার (৪০) একই গ্রামের ভবতোষের বাড়ির ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ডালিম ও তপন দুই বন্ধু। স্থানীয়দের বরাতে জানা যায়, তাঁরা প্রায় একসঙ্গে গাঁজা সেবন করতেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তপনকে ডালিমের সঙ্গে হাঁটতে দেখে স্থানীয় লোকজন। কিছুক্ষণ পর উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ডালিম তপনকে পুকুরের দিকে ধাক্কা দেন। এ সময় তপন ডালিমকে নিয়ে পুকুরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ডালিমকে পুকুরের পানি থেকে উদ্ধার করেন। তপনকে খুঁজে পাওয়া যায়নি। ভোরের দিকে তপনের মরদেহ পুকুরে ভেসে ওঠে। 

ওসি শাহীন মিয়া আরও জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তপনের মরদেহ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডালিমের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহত তপনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।