চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছে। আজ বুধবার ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় গুদামটিতে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জ দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের অবস্থা শংকামুক্ত।