লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর হাত-পা বাধা অবস্থায় খাল থেকে ইউছুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক খালে মাছ ধরতে গিয়ে বাঁশ গাছের নিচে খালে মরদেহটি পড়ে থাকতে দেখেন। নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হুমায়ুন কবিরের ভগ্নিপতি।
ইউছুফের ছেলে মো. শাকিল জানান, তাঁর বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। দিনভর আত্নীয়-স্বজনেরা খোঁজাখুঁজি করলেও তাঁর হদিস পাওয়া যায়নি। শুক্রবার রাতে কোরালিয়া খালে হাত-পা বাধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের একদিন পর হাত-পা বাধা অবস্থায় খাল থেকে ইউছুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হুমায়ুন কবিরের ভগ্নিপতি। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।