নোয়াখালীতে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) ফিলিং স্টেশন থেকে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এতে অটোরিকশার চালক ও ফিলিং স্টেশনের কর্মচারীসহ চারজন আহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার কেন্দুরবাগ এলাকায় মীম সিএনজি ফিলিং স্টেশনে লক্ষীপুরের একটি বাসে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন–কেন্দুরবাগ বাজার এলাকার অটোরিকশা চালক মো. রেজু মিয়া (৬৫), মো. বেচু মিয়া (২৬), মো.আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

বেগমগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো.শাহরিয়ার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে বেগমগঞ্জের কেন্দুরবাগে মীম সিএনজি ফিলিং স্টেশনে যায়। এ সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও ফিলিং স্টেশনের এক কর্সমচারীসহ চারজন আহত হন। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এসআই আরও জানান, বাসের সিলিন্ডারটি নিম্নমানের থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে ফিরেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।