কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যাচ্ছিলেন। পুলিশ দেখে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়।
একপর্যায়ে ভারতীয় মাদক কারবারিরা দুই পুলিশ সদস্যকে ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে।
এদিকে, আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলছে। তবে তাদের ফেরত দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।


