চাঁদপুরের কচুয়া উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার পেটে টেঁটা ঢুকিয়ে দিয়েছে ভাতিজা। এ ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের আইয়ুব আলী হাজী বাড়িতে এ ঘটনা হয়।
আহত চাচা ফয়েজ মিয়া (৩০) ওই গ্রামের আবু হানিফের ছেলে। তার পেটে টেঁটার আঘাত করা ভাতিজার নাম শুক্কুর আলী।
ফয়েজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতরা হলো– আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও শুক্কুর আলী।
উভয় পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ফয়েজ মিয়া গং ও তার ভাতিজা শুক্কুর আলীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘদিন ধরে শুক্কর আলী ও তার বাবা বিল্লাল হোসেন অন্য পাঁচ ভাইয়ের পৈত্রিক ১০ শতাংশ জমি দখল করে রাখেন। অথচ পাঁচ ভাই ২ শতাংশ জমির মালিক থাকা সত্ত্বেও সকালে ওই জমিতে ঘর তুলতে গেলে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে টেঁটা দিয়ে চাচা ফয়েজ মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো. হারিছ বেপারী বলেন, ‘চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ অনেক দিন ধরেই চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা হয়েছে বলে শুনেছি।’
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’