ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো যুবলীগ নেতাকে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

গাজী বোরহান উদ্দিন অরুয়াইল যুবলীগের আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বোরহানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ক্যাম্পে নিয়ে এলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাঁদের গোষ্ঠীর অন্তত ১৫০ থেকে ২০০ মানুষ। তাঁরা তাঁকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে।

পরে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাতে করে সরাইল থানার উদ্দেশে রওনা হলে হামলা করে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় যুবলীগ নেতা বোরহানকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।