সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি, আটক ৭

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর চশমাহিল এলাকায় তার বাসায় এ অভিযান চালানো হয়।

সিএমপির পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে বাড়িটিতে দলীয় নেতাকর্মীরা জড়ো হচ্ছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ বাড়িতে অভিযান চালায় এবং ভিতরে থাকা সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।’

ওসি আরও বলেন, ‘আটক ব্যক্তিরা নিজেদের একটি রেস্টুরেন্টের কর্মী দাবি করেছেন। তবে তারা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।’

এ সময় সাবেক শিক্ষামন্ত্রীর পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পরে ভবনের সিসিটিভি ক্যামেরার ডিভিআর বক্সও জব্দ করে পুলিশ।

সহিংসতার শঙ্কায় সারা দেশে বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম।

চট্টগ্রামে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। সিএমপি সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।