বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২৯ জেলে নিখোঁজ হয়েছে। চট্টগ্রামের ট্রলার মালিক সমিতির দাবি, ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে নিয়ে গেছে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কেউ নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি।
নিখোঁজ মাঝিরা হলেন—মোহাম্মদ জাহাঙ্গীর, তার ভাই আবু বক্কর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদ।
তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী।
চট্টগ্রাম নগরের ফিশারীঘাটের এ ট্রলারের মালিক সৈয়দ নূর জানান, মহেশখালীর ধলঘাট এলাকা থেকে গত ১৩ নভেম্বর সকাল ১০টায় "আমানা গনি" নামের ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সেখানে দুইজন মাঝি ও চালকসহ মোট ২৯ জন জেলে ছিলেন। ট্রলারের মাঝিরা যোগাযোগ করে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে মৌখিকভাবে জানানো হয়েছে।
সৈয়দ নূর আরও জানান, সবশেষ তারা খবর পেয়েছেন ট্রলার ও আটক জেলেদের ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার কোস্টাল থানায় হেফাজতে রাখা হয়েছে।
নিখোঁজ নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম জানান, শনিবার রাত সাড়ে ৭টায় সবশেষ স্বামীর সঙ্গে কথা হয়। তিনি তখন জানান, ঘন কুয়াশায় পথ ভুলে ট্রলার অজানা গন্তব্যের দিকে যাচ্ছে।