চাঁদপুরের কচুয়া উপজেলায় গাছের চারা রোপণে বাধা দেওয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ছেলে মোহাম্মদ হোসাইনের (২৮) বিরুদ্ধে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রাতেই ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, বিকেলে হোসাইন বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তাঁর বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন তাঁদের ঘর থেকে দেশীয় ধারালো দা দিয়ে গলায় উপর্যুপরি কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত যুবক হোসাইনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।