সেন্টমার্টিনগামী জাহাজে আগুনের ঘটনায় নিহত ১

কক্সবাজারের সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’–এ আগুন লেগেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে জাহাজটিতে আগুন লাগে।

নিহত জাহেদ হোসেন জাহাজের কর্মচারী ছিলেন।

ঘটনার সময় জাহাজটি নদীতে নোঙর করা ছিল এবং জাহাজটিতে কোনো পর্যটক ছিল না বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জাহাজে আগুন লাগে। আগুন লাগার পরপরই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় কোস্টগার্ড এবং দমকল বাহিনীর কর্মীরা। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনলেও জাহাজের অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এ ঘটনায় জাহাজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

আটলান্টিক ক্রুজে আগুন লাগলেও অন্যান্য পর্যটকবাহী জাহাজগুলো ঘাটের কাছাকাছিই ছিল। সেসব জহাজেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা। এ ছাড়া নির্দিষ্ট সময়ে ছয় জাহাজ পর্যটকদের নিয়ে সকালে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে বলেও নিশ্চিত করেন জেলা প্রশাসক।