খাগড়াছড়িতে পুলিশের অভিযানে মো. খোরশেদ আলম (৩১) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি শহরের বায়তুশ শরফ সংলগ্ন মূল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, গ্রেপ্তার মো. খোরশেদ আলমের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।