চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডের দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে কেআর শিপিং রিসাইক্লিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ। তাঁদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তাঁরা একটি জাহাজভাঙা কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রাত ৩টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সীতাকুণ্ডের কুমিরা এলাকার কেআর শিপিং রিসাইক্লিং ইয়ার্ডের পাশে ভেড়ার চেষ্টা করে। সে সময় ইয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চার কর্মী। ডাকাতদের ভয়ে সমুদ্রে ঝাঁপ দেয় দুই নিরাপত্তা কর্মী।
আব্দুল্লাহ আল মাহমুদ আরও বলেন, সোমবার সকালে ইয়ার্ডের পাশ থেকে একজনের খণ্ডিত মরদেহসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ডাকাতদের হামলায় তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।