সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ৭ মাস ও অন্যজনের বয়স ২ বছর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার সকালে এই তথ্য জানানো হয়।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে প্রায় ২৭৩ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন চিকিৎসাধীন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়নি। পাশাপাশি একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৫৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। যার কারণ হিসেবে শিশুদের পুষ্টিহীনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা।



