টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক

টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে গুলিবিদ্ধ ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনও আশঙ্কাজনক। অস্ত্রোপচার করা হলেও শিশুটির মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, মস্তিষ্কে গুলি অবস্থান করায় তার জীবন ঝুঁকিমুক্ত হয়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, রোববার সকালে বাড়িতে নাস্তা নিয়ে ফেরার সময় গুলিবিদ্ধ হয় শিশুটি।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘর্ষের জেরে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা অন্তত ৫৩ জন রোহিঙ্গা সশস্ত্র সদস্যকে আটক করেছে পুলিশ।