টেকনাফে গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের বৈঠক শেষে শিশুটিকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আফনানের সঙ্গে একজন চিকিৎসক, একজন বিজিবি প্রতিনিধি এবং তার দুই চাচা রয়েছেন।

আফনানের চাচা মাওলানা মো. শওকত জানান, পরিবারের তত্ত্বাবধানেই আফনানকে ঢাকায় নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বিজিবি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করছে। তিনি জানান, আফনানকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিনস)–এ ভর্তি করা হবে। শিশুটির চিকিৎসার জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। লাইফ সাপোর্টে রেখেই বিশেষায়িত অ্যাম্বুলেন্সে তাকে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। বিজিবির একজন প্রতিনিধি শিশুটিকে ঢাকায় নিয়ে যাচ্ছেন।

মেডিকেল বোর্ড সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী হুজাইফার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, শিশুটির অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। বিজিবির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তাব করা হলে মেডিকেল বোর্ড বিষয়টি পর্যালোচনা করে সম্মতি দেয়।

উল্লেখ্য, গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।