কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে জীম্বংখালী এলকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জীম্বংখালী বিজিবির বিওপি পোস্ট থেকে আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমারের ভেতরে নাফ নদীর জলসীমায় আরাকান আর্মির দখল করা জি বিন চুং পোস্ট থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সাথে মিয়ানামারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলি বাংলাদেশের হোয়াইক্ষ্যং এলাকায় এসে পড়ে। এতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়। দুজনকেই কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন মো. সোহেল ও মোহাম্মদ ওবাইদুল। তারা টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ৬৪ বিজিবি অধিনায়কের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, গত ১১ জানুয়ারি বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়।