চার দফা দাবিতে রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা-কর্মীরা এই ঘোষণা দেন।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, আগের চার দফা দাবি নিয়ে গত বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বন্দরের শ্রমিক-কর্মচারীরা আশ্বস্ত হয়েছিলেন। সে অনুযায়ী কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু ওই দিন সন্ধ্যায় আন্দোলনরতদের বিরুদ্ধে পুনরায় উসকানিমূলক ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে এখনো সরকারের কাছ থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ কারণে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চার দফা দাবিতে রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে।
এর আগে কর্মসূচির সময় বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমকে আওতামুক্ত রাখা হলেও এবারের কর্মসূচিতে সেখানেও ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছে সংগ্রাম পরিষদ।