চাঁদপুরে অ্যাম্বুলেন্স–ভ্যান–সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছ বহনকারী সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এতে সিএনজি অটোরিকশাচালক আহত হন।

রোববার সকালে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছ বহনকারী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে। এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক বশির (৪০) আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার আগেই সিএনজি অটোরিকশার যাত্রী কামাল হোসেনের মৃত্যু হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।’

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রীর মরদেহ প্রাথমিক সুরতহাল করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’