জ্বালানি তেলের সংকটে থমকে গেছে উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকা। নোয়াখালীতে প্রায় এক মাস সাগর-নদীতে ডিলেজচালিত ফিশিংবোট বন্ধ। মাছ শিকার করতে না পারায় চরম কষ্টে দিন কাটছে জেলে পরিবারগুলোর। ক্ষতির মুখে পড়েছেন বোট মালিক, মাছ ব্যবসায়ী ও আড়ৎদারেরা।
জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নোয়াখালীর উপকূলীয় চার উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও সদরে নিবন্ধিত জেলের সংখ্যা ৪১ হাজার। এরমধ্যে হাতিয়া উপজেলায় নিবন্ধিত জেলে ২৪ হাজার ৬০ জন, সুবর্ণচরে ৮ হাজার ১৬ জন, কোম্পানীগঞ্জে ৪ হাজার ৫৬ জন এবং সদর উপজেলায় ৫ হাজার ৪৮ জন নিবন্ধিত জেলে রয়েছে। নিবন্ধিত জেলেদের বাইরেও রয়েছে কয়েক হাজার জেলে। তাঁদের একমাত্র জীবিকা মাছ শিকার। তাঁদের সঙ্গে সম্পর্কিত মাঝিমাল্লা, মাছ ব্যবসায়ী, মাছের আড়ৎদার, বরফকলের মালিক শ্রমিকসহ আরও অনেকের জীবন-জীবিকা।
গত এক মাস থেকে জ্বালানি তেলের সংকটের কারণে নদীতে যেতে পারছে না ফিশিংবোটগুলো। সরেজমিনে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে সারি সারি ডিলেজচালিত ফিশিংবোট দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জেলেদের অনেকে অলস সময় পার করছেন। কেউবা নৌকা জাল মেরামতে সময় দিচ্ছেন।
জেলেরা জানান, টাকা দিয়েও মিলছে না ডিজেল। কারো কারো অভিযোগ, বাড়তি টাকা দিলে ডিজেল দেওয়া হয়। কিন্তু বাড়তি টাকা দিয়ে ডিজেল কিনে যে মাছ পাওয়া যায় তাতে খরচ উঠে আসে না। এতে ক্ষতির মুখে পড়েছেন মাছ ব্যবসায়ী ও আড়ৎদেরেরা।
হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট সাধারণত ভোর থেকেই জেলেদের কর্মচাঞ্চল্যে মুখর থাকে। কিন্তু জ্বালানি তেলের সংকটের কারণে এখন নেমে এসেছে এক ধরনের স্থবিরতা।
চেয়ারম্যানঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, ‘নোয়াখালীর সবচেয়ে বড় মাছঘাট এটি। এ ঘাটে সাধারণত প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার মাছ কেনা-বেচা হয়ে থাকে। কিন্তু এখন সবাই বেকার হয়ে বসে আছি। সবাই দায়-দেনাগ্রস্ত। কীভাবে এ ক্ষতি কাটিয়ে উঠব ভেবে কুলাতে পারছি না।’
জ্বালানি সংকটের করণে জেলেরা মাছ শিরারে যেতে না পারার কথা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশীদ জানান, জেলেদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে আমরা আশা করছি, দ্রুত এ সংকটের সমাধান হবে।