চাঁদপুরে তেল সংকটে ভোগান্তিতে চালকরা

চাঁদপুরে জ্বালানি তেল সংকটে যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না মোটরসাইকেলের তেল। বেশিরভাগ পাম্পে অকটেনের মেশিনের সামনে লেখা- ডিপো থেকে তেল আসলে বিতরণ শুরু করা হবে।

জেলার ডাকাতিয়া নদীর পাড়ে পদ্মা-মেঘনা-যমুনা অয়েল কোম্পানির তিনটি ডিপো রয়েছে। যমুনা অয়েল কোম্পানির ম্যানেজার বলছেন, প্রতি সপ্তাহে চাহিদার ভিত্তিতে একবার হলেও পাম্পগুলোতে তেল দেওয়া হয়। ৯ হাজার লিটার চাহিদার বিপরীতে সাড়ে চার হাজার লিটার করে একাধিক পাম্পে সপ্তাহে ২ বার দেওয়া হয়। গেল সপ্তাহের চেয়ে এখন তেল সরবরাহের কিছুটা উন্নতি হয়েছে। 

এদিকে যানবাহনের তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে থাকতে হচ্ছে চালকদের। অনেকেই মোটরসাইকেলে তেল না থাকায় খালি বোতল নিয়ে ছুটছে পাম্পগুলো।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এইচবি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের নিয়ে আসা শরীফুল ইসলাম বলেন, তিনদিন ধরে আশপাশের কোনো পাম্পে তেল পাইনি। আজ দুপুরের পর তেল আসবে এই পাম্পে। তাই আগেই এসেছি।

শহরের আমির খান পাম্পে লেখা- ডিপো হইতে অকটেন আসা সাপেক্ষে বিতরণ শুরু করা হবে।  সেখানেও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা মিলেছে। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার সবকটি পাম্পে ট্যাগ অফিসার,  পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।