লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেনকে (৩০) নামের এক অটোরিকশার চালককে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার ভোররাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রাতে নিহত ফরহাদ হোসেনের বাবা দিদার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ফরহাদ হোসেন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, অটোরিকশা চালক ফরহাদ হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। এর আগে রাতে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে অটোরিকশার চালক ফরহাদ হোসেনকে এক ব্যক্তি ফোনকলে ডেকে নিয়ে বাড়ির পাশে হত্যা করে মরদেহ ফসলি জমিতে ফেলে রেখে যায়। শুক্রবার সকালে তেওয়ারীগঞ্জের পূর্ব চরমনসা একটি ফসলি জমি থেকে ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।