লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে ‘কুপিয়ে ছাদ থেকে লাফ’ সাবেক পুলিশ সদস্যের  

লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দেওয়া পুলিশের সাবেক এক সদস্যের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাছির আহমেদ ট্রাফিক পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি প্রায় ৭ বছর ধরে ভাড়া বাসাটিতে থাকতেন।

জানা যায়, নাছির ঘুমন্ত অবস্থায় তার ছেলে কলেজছাত্র ইমরান আহমেদকে কুপিয়ে আহত করেন। একপর্যায়ে বাইরে বেরিয়ে প্রতিবেশী মিজানুর রহমান স্বপনকেও কুপিয়ে আহত করা হয়। তাদেরকে রক্ষা করতে গেলে নাছির আরও একজনকে কুপিয়ে আহত করেন। পরে নাছির ৩ তলা ভবন থেকে লাফিয়ে আহত হন।

পরে নাছিরসহ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায় ঘণ্টা তিনেক পর নাছির মারা যান। এ ছাড়া দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, নাছিরের বড় ছেলে প্রতিবন্ধী। বড় ছেলেকে নিয়ে নাছিরের স্ত্রী বেড়াতে যান। রাতে নাছির ও তার ছেলে ইমরান বাসায় ছিলেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত অবস্থায় চারজনকে হাসপাতাল আনা হয়। এরমধ্যে সাবেক কনস্টেবল নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত অন্যদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।