কক্সবাজারের টেকনাফসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মদক, জুয়া, মানবপাচার রোধে দেশব্যাপী বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক এখন একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যা দেশের যুবসমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে। এ কারণে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার দুপুরে টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকই দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষি কার্ড বিতরণের মাধ্যমে তাদের উন্নয়নে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে।
মানবপাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পয়েন্ট ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো চিহ্নিত করে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক আবদুল মান্নান এবং পুলিশ সুপার সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।