রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন ‘যুবফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ড হয়।
এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, আজ সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ধর্মশিং প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার সময় বাড়িতে থাকা আরও দুই নারী সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জসীম উদ্দিন জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইউপিডিএফ-এর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জেএসএসকে দায়ী করা হলেও এখন পর্যন্ত কোনো সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।