খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই পুরো স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামের একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেডের পুরো স্কুলঘর, আসবাবপত্র ও অন্যসব মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, গতকাল রাতে স্কুলঘরের পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে পুরো স্কুলঘর পুড়ে যায়। এ সময় স্কুলে কেউ ছিল না।

তিনি বলেন, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাসরুম, শিক্ষক রুম, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএস, আসবাবপত্র কোনো কিছুই অবশিষ্ট নেই। সবকিছুই ছাই হয়ে গেছে।

প্রধান শিক্ষক আরও জানান, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও রামগড়ের ইউএনও খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কালাবাড়ীতে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, খবর পাওয়ার পরই রামগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছার আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে বের করা হবে।

রামগড় ফায়ার স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পোঁছে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।