টেকনাফে পাহাড়ে মিলল ৩ যুবকের মরদেহ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শীলখালী গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে ওই তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহত ব্যক্তিরা হলেন–নুরুল ইসলামের ছেলে নুরুল বশর (২৮), রুহুল আমিনের ছেলে রবি আলম (২৩), নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (২৮)। সবাই উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা।

নিহত রবি আলমের বাবা রুহুল আমিন বলেন, সকালে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলেকে শনাক্ত করেন।

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আমান উল্লাহ জানান, পাহাড়ে দীর্ঘদিন ধরে অপহরণ চলছে। সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে মরদেহগুলো দেখতে পায়।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।