‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল–শিবিরের সংঘর্ষের পর থমথমে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়াল লিখনে গুপ্ত শব্দটি লেখা নিয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১৫ জন আহতের ঘটনার পরদিন থমথমে কলেজ ক্যাম্পাস।

সংঘাতের জেরে বন্ধ রয়েছে সব ক্লাস। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। তবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। কলেজ ক্যাম্পাস থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিউমার্কেট ও আশপাশের এলাকাতেও।

দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন ছাত্রসংগঠন দুটির নেতাকর্মীরা। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

সব ক্লাস বন্ধ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।