নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের মোক্তারিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ মহিউদ্দিন ওই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে জাহাজমারা ইউনিয়নের মোক্তারিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশ। অভিযানে ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন স্থান থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জব্দ ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের পর আজ আসামিকে হাতিয়া উপজেলা আদালতে তোলা হয়। পরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল কাদের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।