পরীক্ষার সময় সিলিং ফ্যান পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে এক মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। আহত মো. নিয়ামুল হাসান (১৭) দারুল ইসলাম মডেল একাডেমির পরীক্ষার্থী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে শিক্ষার্থীর মাথার ওপর এসে পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে তার মাথার একপাশ কেটে রক্তপাত হয়। এ সময় কক্ষে অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে উপজেলা হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে ওই শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষার মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়। 

শিক্ষা কর্মকর্তা আরও জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান ওই পরীক্ষার্থীকে দেখতে তার বাসায় যান।