কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার দিবাগত রাতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এ অভিযান চালায়। সোমবার বিকেলে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

টেকনাফ কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সাজ্জাদুর রহমান জানান, নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ও সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি জি-৩ রাইফেল, ১টি এম-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।

তিনি আরও জানান, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।