৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে এক কেজি ইলিশ

চাঁদপুরে জমে উঠছে না ইলিশের বাজার। এবার ইলিশ ধরা, বেচা-কেনার প্রথম সপ্তাহে বাড়েনি সরবরাহ। সরবরাহ কম থাকায় ইলিশের দাম এখন আকাশচুম্বী। 

চাঁদপুরের বড় স্টেশনে মাছ ঘাটে ১ কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে আড়াই হাজার টাকায়। আর ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।  

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ীরা বলছেন, জুন-জুলাই মাসে ইলিশের ভরা মৌসুম হবে। এখন জেলেরা ট্রলার নিয়ে বের হলেও জালে ভিড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিন ঘাটে আসছে মাত্র ৪০-৫০ মণ ইলিশ। ঘাটে এমন পরিস্থিতি আরও মাসখানেক থাকবে বলে জানান তারা।  

এদিকে ক্রেতারা বলছেন, প্রতিবছর ইলিশের দাম বাড়ছে। এখন এক কেজি ইলিশ আর এক বস্তা চালের দাম সমান। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মাছ।