ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ফেনীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুরুল হুদার ছেলে নুর আলম ও তাঁর ছেলে নীরব। নুর আলম পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। আহত ব্যক্তির নাম আফজাল মিঠু। তিনি নিহত নুর আলমের ভাগিনা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত ছেলে নীরব ও ভাগিনা মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে পালিয়ে সটকে পড়ে চালক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বাস ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।