চট্টগ্রামে বহির্নোঙরে থাকা তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। জাহাজটিতে ভোজ্য তেল ও শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ছিলো বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোস্টগার্ডের দুটি জাহাজ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে যুক্ত হয় নৌবাহিনী ও বন্দরের ফায়ার ফাইটিং ইউনিট। 

প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণে এখনো কাজ চলছে। জাহাজে থাকা ২২ ক্রুকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে জানিয়ে কোস্টগার্ড বলছে, প্রাথমিকভাবে ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।