চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, বাসে বিক্ষুব্ধদের আগুন 

চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর পাইন্দং আমতল এলাকায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল থাকা দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেয়।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন–মো. শাহজাহান ও তাঁর ছেলে মোহাম্মদ আরিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ধরে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন তারা। তাদের বহন করা মোটরসাইকেলটি উত্তর পাইন্দং এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বিআরটিসি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত হন। এ সময় দুইটি সিএনসিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্থ হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে এবং বিআরটিসির বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।