চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু করে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।
২৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ জানান, প্রাথমিকভাবে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর হাইস্কুল পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত হবে আরেকটি সড়ক।
এর বাইরে জঙ্গল সলিমপুরে আরও একটি অভ্যন্তরীণ সড়ক নির্মাণের পরিকল্পনা আছে বলে জানান এই সেনা কর্মকর্তা। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করার কথাও জানান তিনি।
জঙ্গল সলিমপুর এলাকাটি কয়েক দশক ধরে অপরাধপ্রবণ জনপদ হিসেবে পরিচিত। সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দেশের অন্যতম দুর্গম ও অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। পাহাড় ও বনাঞ্চলবেষ্টিত এ জনপদে কয়েক দশক ধরে অবৈধ দখল, ভূমি বাণিজ্য এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।
গত ১৯ জানুয়ারি সেখানে অভিযানে গেলে এক র্যাব সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্যের সমন্বয়ে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানের পর এলাকায় যৌথবাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা।