বগুড়ার ঐতিহ্যবাহী এডওয়ার্ড পৌর পার্ক সংস্কারে প্রায় ১৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হলেও কাজ চলছে ধীরগতিতে। জুলাই গণঅভ্যুত্থানের সময় পার্কের বাউন্ডারি দেয়ালের রড খুলে নিয়ে যাওয়ায় নিরাপত্তা সংকটে দর্শনার্থীরা। দ্রুত পার্কের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করা হবে বলে জানান পৌর প্রশাসক।
বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এডওয়ার্ড পৌর পার্ক। একসময় নগরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এটি। বর্তমানে এ পার্কের জৌলুশ ফেরাতে চলছে সংস্কার কাজ। তবে কাজের ধীরগতিতে বেড়েছে দুর্ভোগ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় পার্কের বাউন্ডারি প্রাচীরের লোহার গ্রিল খুলে নেয় দুষ্কৃতকারীরা। এতে পার্কের নিরাপত্তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। যে কেউ সহজেই প্রবেশ করতে পারছে পার্কে, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি।
কোভিড-১৯ প্রকল্পের আওতায় পার্কের বাউন্ডারি দেয়াল, রাস্তা, সুইমিংপুল, ব্যায়ামাগারসহ সৌন্দর্য বর্ধনে বিভিন্ন খাতে কয় দফায় প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ আসে। যা দিয়ে শুরু হয়েছে সংস্কার কার্যক্রম। এদিকে দ্রুত পার্কের চলমান সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক।
বগুড়া পৌরসভা প্রশাসক রাজিয়া সুলতানা বলেন, ‘দ্রুত পার্কের চলমান সব সমস্যা সমাধান করা হবে।’
প্রকল্পের আওতায় থাকা অধিকাংশ কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও, পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ চললেও দৃশ্যমান অগ্রগতি খুবই কম বলে অভিযোগ দর্শনার্থীদের।