নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে।
 
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সোন্দলপুর ইউনিয়নের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলো–বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কবিরহাট থেকে একটি বালুবাহী পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে বারীপুকুর পাড় এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পিকআপের নিচে ঢুকে যায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে (৪০) গাড়িসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।