চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শাজাহান কবিরাজের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা (৫৫)। তিনি ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন মোস্তফা। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।