স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো স্লুইসগেট খুলে দিয়ে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমানো যায়।’
শনিবার কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্যা পুরোপুরি প্রতিরোধের কোনো মহৌষধ নেই। নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক বাস্তবতা। তবে ক্ষয়ক্ষতি কমাতে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে সময় কাটিয়েছেন। ভাঙা সড়ক, ক্ষতিগ্রস্ত কালভার্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার এবং বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুরে পেকুয়ায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বন্যায় গৃহহীন ২০টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রতিটি পরিবারকে একটি করে খাটসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও উপহার দেওয়া হয়। এর আগে শুক্রবার তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।