মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের এলোপাথাড়ি ছুরিকাঘাতে দম্পতির মৃত্যু হয়েছে। নিহতদের নাম স্বপন দাশগুপ্ত এবং কল্পনা দাশগুপ্ত। শনিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। ঘাতক ছেলেকে রক্তমাখা কাঁচিসহ গ্রেফতার করেছে পুলিশ। 

স্বজনরা জানিয়েছে, মাদকাসক্ত ছেলেকে দফায় দফায় নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হলেও বাড়ি ফিরে আবারও মাদকের নেশায় জড়িয়ে যায় সে। শনিবারও গিয়েছিলেন চিকিৎসকের কাছে। বাড়ি ফিরে এবার মা-বাবাকেই হত্যা করে ছেলেটি।

চট্টগ্রামের (আনোয়ারা সার্কেল) সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘আনোয়ারা উপজেলার হাইলধর মহাজন বাড়ির স্বপন এবং কল্পনা'র একমাত্র সন্তান ছিলেন রিমন দাশগুপ্ত। দুপুরে নিজ বাড়িতে ছেলের হাতেই বীভৎসতার শিকার হন এই দম্পতি। প্রথমে মা কল্পনা দাশগুপ্তকে শরীরের বিভিন্ন অংশ ও গলায় ধারালো কাঁচি দিয়ে জখম করে ছেলে রিমন। বাধা দিতে গেলে বাবা স্বপন দাশগুপ্তকেও একই কায়দায় আঘাত করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে কল্পনা দাশগুপ্তকে ঘটনাস্থলে মৃত এবং গুরুতর আহত স্বপন দাশগুপ্তকে হাসপাতালে পাঠায়। সেখানে মারা যান তিনিও।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি নিহতদের ময়নাতদন্তের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’