মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
নৌকাডুবির পর স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে তারা দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য নৌকায় করে নাফ নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকাটি ডুবে যায়। এতে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আরও অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জনকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’