আন্ডারওয়্যারে কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে ভারতীয় আটক

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর—সিআইআইডি। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আজ সকাল ৬টা ৫৮ মিনিটে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর জি৯–৫২৬-এ আগত ভারতীয় যাত্রী থামিম আনসারি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডি, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি দল তাকে শনাক্ত করে। পরবর্তী সময়ে দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন পাওয়া গেছে ৪৫৫ গ্রাম। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলমান। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রমও চলমান। 

সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।