চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি নিহত প্রবাসীর মাদকাসক্ত ভাতিজাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়া তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই সাবেক ইউপি চেয়ারম্যান।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান পাটওয়ারী মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।
নিহতের ভাই রিয়াদ পাটোয়ারী জানান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্ মাহমুদ স্বপনের নির্দেশে শাকিলের নেতৃত্বে মান্দারী এলাকায় ৩০ থেকে ৪০ জনের একদল যুবক ভাতিজা জিসানকে খুঁজতে যায়। এ সময় চাচা শাহজাহান পাটোয়ারী কারণ জানতে চেয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা বাঁশ ও ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই শাহজাহান পাটোয়ারীর মৃত্যু হয়।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুপক আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর সন্ধ্যার দিকে মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না, একটি দলীয় প্রোগ্রামে ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।