চাঁদপুরে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ভরা মৌসুমেও চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে নেই পর্যাপ্ত ইলিশ। সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশ ছুঁয়েছে। বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। মৎস্য বিভাগ জানিয়েছে, নদীর গভীরতা কমে যাওয়ার কারণেই কম ইলিশ ধরা পড়ছে।

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ স্থানীয় জেলেরা। ভরা মৌসুমেও সারাদিন জাল ফেলে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। শুধু নদীতে নয়, এবার সাগরে ট্রলার নিয়ে গিয়েও হতাশ হয়ে ফিরছেন জেলেরা। 

দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট। ২০২৪- ২০২৫ অর্থবছরে এই ঘাটে পাওয়া গিয়েছিল ৩৫ হাজার ৪৭২ টন ইলিশ। তবে এই অর্থবছরে তা ৩০ হাজার টনেরও কম হবে বলে মনে করছে মৎস্য বিভাগ। নদীর নাব্যতা ও গভীরতা কমে যাওয়াকেই কারণ হিসেবে দেখানো হচ্ছে।

চাঁদপুর মৎস্য বিভাগের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘যখন সমন্বিতভাবে সবগুলা কার্যক্রম একত্রিত শুরু হবে তখন আবাসস্থল উন্নয়ন হলে ইলিশের প্রোডাকশন আশা করি বাড়তে পারে। তবে এই বছর যেহেতু বৈরী পরিবেশ এখনো বৃষ্টি তেমন নাই, আষাঢ় মাস অর্ধেক চলে যাচ্ছে তেমন বৃষ্টিপাত হয় নাই, নদীর নব্যতাও কম, আর গভীরতা তো আরো কমে গেছে, তো এই বছর মনে হচ্ছে ইলিশের প্রোডাকশনটা গত বছরের তুলনায় একটু কমতে পারে।’

এদিকে, সরবরাহ কমায় দাম বেড়েছে অনেক। তাই ইলিশ না কিনে খালি হাতে ফিরছেন অনেক ক্রেতা। তাতে লোকসান গুনছেন ব্যবসায়ীরাও।

চাঁদপুর বড় স্টেশন ঘাটে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা করে। আর ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা করে।